যশোরের রেজিস্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মে ১১, ২০২৬ ১০:৫৩ am
যশোর জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেবের বিরুদ্ধে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে এসংক্রান্ত খবর প্রচার হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার বাজলেও জেলা রেজিস্ট্রার কার্যালয়ে ছিলেন না আবু তালেব। এ সময় সেখানে থাকা সাংবাদিকরা অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীদের কাছে জানতে চাইলে তারা জানান, জেলা রেজিস্ট্রার ঢাকায় অবস্থান করছেন এবং দ্রুত অফিসে যোগ দেবেন।
পরে ওইদিন বেলা ১১টার পর তিনি অফিসে আসেন।অভিযোগের বিষয়ে জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব বলেন, শুক্রবার ও শনিবার সরকারি ছুটিতে আমি ঢাকায় ছিলাম। রবিবার সকালে ট্রেনে যশোরে এসে অফিসে যোগ দিই। এ কারণে অফিসে আসতে কিছুটা দেরি হয়েছে।
তবে আমি নিয়মিত অফিস করি।রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী ফাতিমা নুসরাতও জেলা রেজিস্ট্রারের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, ‘স্যার নিয়মিত অফিস করেন। ওইদিন ঢাকা থেকে আসার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।
অন্যান্য কর্মদিবসে তিনি নিয়মিত যশোরে অবস্থান করেন।’তবে কয়েকজন সেবাগ্রহীতা অভিযোগ করেন, জেলা রেজিস্ট্রার বিভিন্ন সময়ে অফিসের বাইরে থাকেন। তার অনুপস্থিতিতে সাব-রেজিস্ট্রার দায়িত্ব পালন করেন। যদিও অভিযোগের সবকিছু সঠিক নয় বলে দাবি করেন জেলা রেজিস্ট্রার আবু তালেব। তিনি বলেন, জেলা রেজিস্ট্রার হিসেবে বিভিন্ন সভা ও প্রশাসনিক কাজে অংশ নিতে হয়।
এটিকে অফিসে অনুপস্থিতি হিসেবে প্রচার করা সমীচীন নয়।