শনিবার, মে ৩০, ২০২৬

মৃত্যু কামনার পরিবর্তে যে দোয়া পড়বেন

মে ১০, ২০২৬ ১২:২৪ pm

জীবনের কষ্ট, দুঃখ, হতাশা ও কঠিন পরীক্ষার মুহূর্তে অনেক মানুষ আবেগের বশবর্তী হয়ে মৃত্যু কামনা করে বসে। যখন চারপাশ অন্ধকার মনে হয়, হৃদয় ভেঙে যায় এবং জীবনের বোঝা অসহনীয় মনে হয়, তখন মানুষ কখনো কখনো বলে ওঠে—‘মরে গেলেই বাঁচতাম!’ অথচ একজন মুমিন জানে, জীবন ও মৃত্যু উভয়ই মহান আল্লাহর হাতে, আর প্রতিটি কষ্টের মাঝেও লুকিয়ে আছে রহমত, গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধির সুযোগ। তাইতো মহানবী (সা.) আমাদের সরাসরি মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। বরং তিনি এমন এক সুন্দর দোয়া শিখিয়েছেন, যেখানে বান্দা নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেয়।

দোয়াটি হলো-اَللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বিইলমিকাল গাইবি, ওয়া কুদরাতিকা আলাল খালকি, আহয়িনি মা আলিমতাল হায়াতা খাইরাল্লি, ওয়া তাওয়াফফানি ইজা আলিমতাল ওয়াফাতা খাইরাল্লি।’

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার গাইবের জ্ঞানের দোহাই দিয়ে এবং সৃষ্টির ওপর বিরাজমান আপনার কুদরতের দোহাই দিয়ে প্রার্থনা করছি, আপনার জ্ঞানে যতক্ষণ পর্যন্ত আমার জীবিত থাকা কল্যাণকর হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে জীবিত রাখুন। আপনার জ্ঞানে যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়, তখন আমাকে মৃত্যু দিন।’