মে ৯, ২০২৬ ১২:০৪ pm
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বামপন্থি কয়েকটি সংগঠানের জোট গণতান্ত্রিক ছাত্রজোট।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করে ছাত্রজোট।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে ৯ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।
এ চুক্তিকে ‘অসম’ আখ্যা দিয়ে সমালোচনা করছে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল।
গণতান্ত্রিক ছাত্রজোটের সমাবেশে এই বাণিজ্য চুক্তিকে দেশের ‘স্বার্থবিরোধী’ বলে দাবি করা হয়েছে। এ চুক্তির ফলে দেশের পোল্ট্রি, ডেইরি, ঔষধ, কৃষি ও শিল্প খাত এবং সার্বভৌমত্ব ‘ধ্বংস’ হবে বলেও সেখানে দাবি করা হয়।
বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সোমবার বেলা ১১ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্রজোট।
জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক অনুরাভ আশরাফ এবং পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন লেখক ও গবেষক মাহা মির্জা ও চিকিৎসক হারুন অর রশীদ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ সমাবেশ সঞ্চালনা করেন।