বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপি কোনো আচরণবিধি লঙ্ঘন করছে না, তবে কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাইছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
এ সময় সেলিমা রহমান বলেন, খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে বিএনপি।
সেলিমা রহমান আরও বলেন, দেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রগামী। তাই দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে।
এ সময় বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
