শনিবার, মে ৩০, ২০২৬

পীরগঞ্জে সেচ ঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মে ৭, ২০২৬ ১২:৩১ pm

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি সেচ ঘর থেকে মফিজার রহমান নামে এক কৃষকের পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত স্থানীয় সেচ মেশিনের মালিক মো. আমজাদ আলীর ছেলে। তিনি রাতে নিজেদের বিএডিসির সেচ ট্রান্সমিটার পাহারার দায়িত্বে ছিলেন।

সহমর্মিতা, মানবিকতা ও ভালোবাসার উষ্ণতায় এতিম শিশুদের পাশে বসুন্ধরা শুভসংঘ

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে মফিজার উমরপুর মাঠের সেচ ঘরে পাহারায় যান। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু নিয়ে মাঠে গেলে সেচ ঘরের দরজা খোলা ও ট্রান্সমিটার খুলে নেওয়া অবস্থায় দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে তিনি মফিজারের পা বাঁধা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয়রা জানান, গভীর রাতে চোর চক্র সেচ ট্রান্সমিটার চুরি করতে এসে বাধা পেয়ে মফিজারকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যেতে পারে।

পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, উমরপুর এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।