৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
মে ৪, ২০২৬ ১:১৩ pm
মার্কিন প্রশাসন ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কাজের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, এসব দেশের চিকিৎসকদের কাজের আবেদন বা ভিসা প্রক্রিয়াকরণ আর স্থগিত রাখা হবে না।
এর আগে ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় ওইসব দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ সব ধরনের অভিবাসন কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রে মোট চিকিৎসকের প্রায় ২৫ শতাংশই বিদেশি।
ফলে নিষেধাজ্ঞা জারির পর অনেক হাসপাতাল তাদের বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠিয়ে দেয়, যা দেশটিতে স্বাস্থ্যসংকটের ঝুঁকি তৈরি করেছিল। মূলত আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকরা এই পরিস্থিতির শিকার হয়েছিলেন।নিষেধাজ্ঞার কারণে অনেক চিকিৎসক যুক্তরাষ্ট্রে থেকেও বৈধতাসংকটে পড়েছিলেন। সম্প্রতি বেশ কয়েকটি মার্কিন চিকিৎসক সমিতি সরকারের কাছে চিঠি লিখে এই নীতি পরিবর্তনের দাবি জানায়।
তারা একে জাতীয় স্বার্থে জরুরি বলে উল্লেখ করেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সুবিধা আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের জন্য প্রবেশের ওপর আগের নিষেধাজ্ঞাই বহাল রয়েছে।