মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দ্বীপপুঞ্জের কাছে ২ চীনা যুদ্ধজাহাজ, সতর্ক অবস্থায় তাইওয়ান

এপ্রিল ২৮, ২০২৬ ১:০৩ pm

তাইওয়ান প্রণালির পেংহু দ্বীপপুঞ্জের নিকটবর্তী জলসীমায় দুটি চীনা যুদ্ধজাহাজের আনাগোনা শনাক্ত হয়েছে। নজর রাখার জন্য নিজস্ব নৌ ও বিমানবাহিনী পাঠিয়েছে বলে তাইপেইয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ড হিসেবে দেখে।

এসব ঘটনায় তাইওয়ান সরকার বারবার নিন্দা জানিয়েছে।গতকাল সোমবার গভীর রাতে মন্ত্রণালয় জানায়, একটি চীনা ডেস্ট্রয়ার এবং একটি ফ্রিগেট পেংহু দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমের জলসীমায় প্রবেশ করেছে। এই দ্বীপপুঞ্জে তাইওয়ানের প্রধান নৌ ও বিমানঘাঁটিগুলো অবস্থিত এবং এটি প্রণালিটির তাইওয়ান প্রান্তের কাছাকাছি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, তাইওয়ানের সামরিক বাহিনী চীনা জাহাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।মন্ত্রণালয়টি আকাশ থেকে তোলা জাহাজ দুটির রঙিন ছবি দেখিয়েছে, কিন্তু সঠিক অবস্থান জানায়নি। মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এই মাসের শুরুতে মন্ত্রণালয়টি বলেছিল, তাইওয়ানের চারপাশে চীনের নিয়মিত সামরিক কার্যকলাপ ‘সম্পূর্ণরূপে ন্যায্য ও যুক্তিসঙ্গত’ এবং যেকোনো উত্তেজনার জন্য তাইপে সরকারই দায়ী।