দৈনন্দিন যেসব অভ্যাসে নীরবে বাড়তে পারে রক্তচাপ
জানুয়ারি ১২, ২০২৬ ৩:১৮ pm
জীবনযাপনের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে রোগের চরিত্রও বদলেছে। এক সময় উচ্চ রক্তচাপকে শুধুই বয়সজনিত সমস্যা বলা হলেও, এখন যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। কিছু খারাপ অভ্যাসের কারণে ধীরে ধীরে রক্তচাপ বাড়তে থাকে। প্রতিদিনের এমন কিছু ছোট অভ্যাস আছে, যেগুলিকে আমরা তেমন গুরুত্ব দিই না, অথচ সেগুলিই অজান্তে শরীরের উপর বাড়তি চাপ সৃষ্টি করে।
তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ নয়, জীবনযাপনের ধরনও সমান গুরুত্বপূর্ণ।রক্তচাপ বলতে রক্তনালির ভিতর দিয়ে রক্ত চলাচলের যে চাপ, তাকেই বোঝায়। এই চাপ যদি দীর্ঘদিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তাহলে হৃদ্যন্ত্র, কিডনি ও মস্তিষ্কের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বড় সমস্যার হাত থেকে বাঁচতে তাই কিছু বদভ্যাস ত্যাগ করা জরুরি।
দৈনন্দিন জীবনের এমন পাঁচটি অভ্যাস রয়েছে, যেগুলি নীরবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। চলুন, জেনে নিই।পর্যাপ্ত ঘুমের অভাব
অনেকেই রাতে ঠিকমতো ঘুমোন না—কখনও কাজের চাপ, কখনও মোবাইল ব্যবহারের কারণে। কিন্তু নিয়মিত কম ঘুম হলে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না।
ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে না। প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।দীর্ঘদিনের মানসিক চাপ
একটানা দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা শরীরকে সব সময় সজাগ অবস্থায় রাখে। এর ফলে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে এবং ধীরে ধীরে রক্তচাপও বেড়ে যায়। তাই প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখা, হাঁটা বা হালকা ব্যায়াম করা জরুরি।
সম্ভব হলে ধ্যান করার পরামর্শও দিচ্ছেন চিকিৎসকেরা।
রাতে দেরিতে বা ভারী খাবার খাওয়া
রাতে খুব দেরিতে কিংবা বেশি ভারী খাবার খেলে শরীর ঠিকভাবে বিশ্রাম নিতে পারে না। হজম প্রক্রিয়ায় শরীর ব্যস্ত থাকায় রক্তচাপ কমার সুযোগ পায় না। চিকিৎসকদের মতে, সন্ধ্যার পর হালকা খাবার খাওয়া এবং রাতের খাবার আগেভাগে সেরে নেওয়াই ভাল।
পেটের চারপাশে অতিরিক্ত মেদ জমা
শরীরের মাঝের অংশে অতিরিক্ত চর্বি জমলে ভিতরের অঙ্গগুলির উপর চাপ পড়ে। এতে রক্তনালির স্বাভাবিক কাজ ব্যাহত হয় এবং রক্তচাপ বাড়তে থাকে। নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাস এই সমস্যা অনেকটাই কমাতে পারে।
অতিরিক্ত চা বা কফি পান
অনেকেরই সারাদিনে বারবার চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন স্নায়ুকে উত্তেজিত করে এবং সাময়িকভাবে হলেও রক্তচাপ বাড়িয়ে দেয়। খালি পেটে বা রাতে এগুলো খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। এর বদলে পানি বা হালকা পানীয় শরীরের জন্য বেশি উপকারী।
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বড় কোনও পরিবর্তনের দরকার নেই। সুস্থ জীবনযাপনই এর সবচেয়ে বড় ওষুধ। যত আগে থেকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, ততই হার্ট সুস্থ থাকে।
সূত্র: আনন্দবাজার