সোমবার, মার্চ ২, ২০২৬

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, বদলাবে ভেন্যু

জানুয়ারি ১২, ২০২৬ ১২:৫২ pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।

ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দুবার চিঠি দিয়েছিল বিসিবি। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি মনে করছে, টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু স্থানান্তর করা লজিস্টিক কারণে সহজ নয়। বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই বলে রেখেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। যার মধ্যে প্রথম তিনটি কলকাতায়, শেষটি মুম্বাইয়ে। ভারতের ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।

জানা গেছে, আইসিসি এবং টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক বিসিসিআই এরই মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে। একই ধরনের তথ্য দিয়েছে এনডিটিভি-ও।

গতকাল গুজরাটের বড়োদরায় বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছিল কি না, তা অবশ্য কোনো সংবাদমাধ্যমই বলেনি।