এপ্রিল ১১, ২০২৬ ১:২১ pm
এবারের আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের সীমানা স্পর্শ করলেন বৈভাব সুরিয়াভানশি। সর্বোচ্চ রানের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপ এখন তার মাথায়। তবে কাছে অমূল্য রত্ন এখন আরেকটি ক্যাপ, যেখানে মিশে আছে ভিরাট কোহলির ভালোবাসা ও আশিস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শুক্রবার ২৬ বলে ৭৮ রানের চোখধাঁধানো ইনিংস উপহার দেন সুরিয়াভানশি। কোহলিদের ২০১ রান টপকে ২ ওভার বাকি থাকতেই জিতে যায় রাজস্থান রয়্যালস। ধ্রুপ জুরেল যদিও ৪৩ বলে ৮১ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন, তবু শুরুর তাণ্ডবে ম্যাচের সেরা হন সুরিয়াভানশি।
ম্যাচের পর রাজস্থান রয়্যালসের সামাজিক মাধ্যমের পাতাগুলোয় ভেসে ওঠে একটি ছবি। সেই ছবিতে সুরিয়াভানশির ম্যান অব দা ম্যাচ ট্রফি এক পাশে, আরেকপাশে তার অরেঞ্জ ক্যাপ। মাঝখানে রাজস্থান রয়্যালসের একটি ক্যাপ। সেখানে একটি অটোগ্রাফ ও কিছু একটা লেখা।
গভীরভাবে দেখতেই ফুটে ওঠে, সেই অটোগ্রাফটি ভিরাট কোহলির। ওপরে ছোট্ট করে লেখা, “Dear Vaibhav, well done”.
সুরিয়াভানশি নিজেই এখন ভারতীয় ক্রিকেটের সেনসেশন। তবে তারকা খ্যাতি বোঝার বয়স তো এখনও সেভাবে হয়নি। ১৫ বছর বয়সী মানুষটির ভেতরে একজন কোহলি ভক্ত তো এখনও প্রবলভাবেই জাগ্রত। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর কিংবদন্তির কাছে গিয়ে তার সঙ্গে কথা বলেন, তার অটোগ্রাফ নেন তিনি।
গত আইপিএলে চমকপ্রদ অভিষেকের পর এবারের আসরেও সুরিয়াভানশি ধরে রেখেছেন তার বিস্ময়-যাত্রা। গতবার টুর্নামেন্টের মাঝামাঝি দিকে নেমে ৭ ইনিংসে ২৫২ রান করেছিলেন ২০৬.৫৫ স্ট্রাইক রেটে। এবার ৪ ইনিংসে ২০০ রান করে ফেলেছেন, স্ট্রাইক রেট ২৬৬.৬৬।